তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১২:১২ পিএম

অনলাইন সংস্করণ

সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সমস্যা এখনো চলমান উল্লেখ করে তিনি বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে সমালোচনা না করে আগামী দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

মঙ্গলবার বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সোলার এক্সপো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সোলার এক্সপোতে দেশের বিভিন্ন এলাকা থেকে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান ও তরুণ কর্মীদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এই অংশগ্রহণ তারই প্রমাণ। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনার খাত নয়, বরং এটি একটি অনিবার্য বাস্তবতা।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্পকে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। বছরে সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

আগামী গ্রীষ্মের আগে জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে বলেও জানান তিনি।

বিগত সময়ে দেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে যাতে উদ্যোক্তারা পিছিয়ে না যান, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

 

মন্তব্য করুন