প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ২০২৭ সালের এপ্রিলে নেদারল্যান্ডসে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)। এ সফরের প্রস্তুতি ও সম্ভাব্য কার্যক্রম নিয়ে নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে চেম্বারটির প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দ্য হেগে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক নৈশভোজে এ বিষয়ে আলোচনা হয়। এতে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী, কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. হাসান আবদুল্লাহ তৌহিদ এবং প্রথম সচিব মো. মাহাদে আলম বিন্টু উপস্থিত ছিলেন।
ডাচ-বাংলা চেম্বারের পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি শাকাওয়াত হোসেন মামুন ও সমন্বয়ক বিশ্বজিৎ রায়।
বৈঠকে ২০২৭ সালের এপ্রিলে প্রস্তাবিত বাণিজ্য প্রতিনিধিদলের নেদারল্যান্ডস সফরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা।
প্রস্তাবিত সফরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক আয়োজন, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় ডাচ-বাংলা চেম্বার সংশ্লিষ্ট কূটনৈতিক ও ব্যবসায়িক অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন