মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ১০:৩০ এ এম

অনলাইন সংস্করণ

সরাসরি গোলাবারুদের প্রশিক্ষণ হয় যে ঘাঁটিতে, সেখানেই আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। তবে আগুনে কতজন নিহত বা আহত হয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এক সংবাদ সম্মেলনে ম্যাকগুইন্টি বলেন, কানাডীয় সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং অগ্নিকাণ্ডের কারণ খুঁজে দেখছে। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে বর্ণনা করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ে না।’

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স বার্তায় লিখেছেন, একটি ‘গুরুতর ঘটনায় বড় ধরনের অগ্নিকাণ্ড’ ঘটেছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব সাহসী নারী ও পুরুষের প্রতি তিনি সমবেদনা জানান।

যেখানে আগুন লেগেছে, সেই ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ দেশটির অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) তথ্য অনুযায়ী, এই ঘাঁটিতে সরাসরি গোলাবারুদ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণ সময়ে এখানে ৬৯০ জন সামরিক এবং ৩০০ জন বেসামরিক কর্মী কাজ করেন।

ওয়েনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট জানিয়েছে, শনিবারের আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘাঁটির সীমানা পেরিয়ে বাইরে চলে আসে।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, এই গুরুতর ও মর্মান্তিক অগ্নিকাণ্ড প্রদেশের অনেক সাহসী সামরিক সদস্যের ওপর প্রভাব ফেলেছে। পরিস্থিতি সামলাতে ও তদন্তের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও তিনি জানান।

ঠিক কখন আগুন লেগেছিল, তা স্পষ্ট নয়। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কর্তৃপক্ষ প্রথম এ ঘটনা সম্পর্কে তথ্য প্রকাশ করে।

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার এবং জরুরি পরিষেবার যানবাহন চলাচলের জন্য পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: সিবিসি নিউজ

মন্তব্য করুন