প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি আপত্তিকর ভিডিও ঘিরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে তিনি এ ক্ষোভ জানান।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলাদেশি দুই তারকার চেহারা বসিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। মূলত ওই টেলিভিশনের ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিও দেখেই ধারণা করা যাচ্ছিল, সেগুলো এআই দিয়ে বানানো।
পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে। তবে এরপরও বিতর্ক থামছে না। ছড়িয়ে পড়া ভিডিও ও তা প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে সম্প্রতি মুখ খোলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার ফেসবুক লাইভে নিজের ক্ষোভ জানালেন ওই বিকৃত ভিডিওর আরেক শিকার পরীমনি।
টিভি চ্যানেলটির উদ্দেশে এই অভিনেত্রী বলেন, "শুধু ‘ক্ষমা চাইলেই’ এরকম ঘটনায় দায়মুক্তি হয় না।" তিনি জানান, "এই বিকৃত ভিডিও অনেক আগের। তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে শুধুই ‘সরি’ বলা যথেষ্ট নয়।"
চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, "ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!"
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাতামাতি করা নেটিজেনদেরও কড়া ভাষায় জবাব দেন তিনি। পরীমনি বলেন, "তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।"
পরে লাইভটি নিজের পেজ থেকে মুছে ফেলেন পরীমনি। শনিবার (১৭ অক্টোবর) সকালে লাইভটি সরিয়ে ফেলার পর তিনি একটি স্ট্যাটাস দেন। সকালে দেওয়া পোস্টে পরী লেখেন, "ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।"
মন্তব্য করুন