বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:৪২ পিএম

অনলাইন সংস্করণ

বিয়ে ভাঙার দায় সাবিলা নূরকে দিলেন চিত্রগ্রাহক মামুনের কথিত প্রেমিকা তিশা

ঢাকাই শোবিজে অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে দাম্পত্য টানাপড়েনের গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন চিত্রগ্রাহক (ডিরেক্টর অব ফটোগ্রাফি বা ডিওপি) আবদুল মামুন। মামুনের কথিত প্রেমিকা তিশা দাবি করেছেন, সাবিলার সঙ্গে মামুনের প্রেমের সম্পর্ক রয়েছে এবং এ কারণেই তাঁর সঙ্গে দীর্ঘ সাত বছরের প্রেম ও বিয়ে ভেঙে গেছে। এ বিষয়ে সাবিলা নূর, তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহের কিংবা আবদুল মামুনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তিশার ভাষ্য, সাবিলা অভিনীত ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পরপরই মামুনের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। গত ১৫ মে বিয়ের তারিখও ঠিক করা হয়েছিল। তাঁর অভিযোগ, দুই পরিবারের সম্মতিতে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও বিয়ের কয়েক দিন আগে মামুন জানান, তিনি আর বিয়ে করতে চান না। এর কারণ জানতে চেয়েও স্পষ্ট কোনো উত্তর পাননি তিশা। পরে সাবিলা নূরের সঙ্গে মামুনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতে পারেন বলে তিনি দাবি করেন।

গণমাধ্যমকে তিশা বলেন, ‘যা শুনেছেন সব সত্য। সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে। “রকস্টার” সিনেমার শুটিং শেষ হওয়ার পাঁচ দিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। দুই পরিবার থেকে বিয়ের সব আয়োজন করা হয়েছিল। কিন্তু আবদুল মামুন হঠাৎ করে জানায়, সে বিয়ে করতে চায় না। পরবর্তীতে জানতে পারি, সাবিলা নূরের সঙ্গে গভীরভাবে সম্পর্কে জড়িয়ে গেছে আবদুল মামুন।’

তিশার অভিযোগ, বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর বিষয়ে মামুনের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে সিদ্ধান্ত বদলাতে রাজি করানো যায়নি। তিশার পরিবারের সদস্যরাও মামুনকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি বলে জানান তিনি।

মন্তব্য করুন