প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সৈকতে পপ তারকা শাকিরার আসন্ন কনসার্টের মঞ্চ তৈরির সময় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ‘তোদো মুন্দো নো রিও’ শীর্ষক এই আয়োজনের অবকাঠামো নির্মাণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় দমকল বাহিনী ও আয়োজক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
আয়োজক সংস্থা তাদের ইনস্টাগ্রাম বিবৃতিতে জানায়, মঞ্চের কাঠামো স্থাপনের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই শ্রমিক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের চিকিৎসা দল তাঁকে প্রাথমিক সহায়তা দেয় এবং দমকল বাহিনীর অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৫১ বছর বয়সী আন্তোনিও মার্কোস ফেরেইরা দস সান্তোস জানিয়েছেন, সৈকতে আচমকা হইচই শুরু হয় এবং দেখা যায় একটি বিশাল কাঠামো ধসে পড়েছে। নিচে একজন চাপা পড়লে উপস্থিত লোকজন তাঁকে টেনে তোলার চেষ্টা করেন।
রাজ্য দমকল বাহিনী জানিয়েছে, ভারী বস্তু উত্তোলনের যন্ত্রের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দমকলকর্মীরা পৌঁছানোর আগেই সহকর্মীরা তাঁকে যন্ত্রের নিচ থেকে উদ্ধার করেন। মিগুয়েল কৌতো মিউনিসিপ্যাল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোপাকাবানা সৈকতে প্রতিবছর আয়োজিত এই বিশাল জনসমাবেশে এবার প্রধান আকর্ষণ হিসেবে শাকিরার নাম আগেই ঘোষণা করেছিলেন রিও ডি জেনেইরোর মেয়র। এই সৈকতে আগের আয়োজনগুলোতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় লাখো মানুষের সমাগম ঘটেছে।
এমন মর্মান্তিক ঘটনার পর আয়োজক কর্তৃপক্ষ নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সংস্থার প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে।
তবে এই দুর্ঘটনার জেরে নির্ধারিত কনসার্টের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেলেনি। তদন্তকারী দল ইতিমধ্যে মঞ্চনির্মাণ সরঞ্জামে ত্রুটি ছিল কি না এবং নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে কোনো গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে।
মন্তব্য করুন