বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান জানিয়েছেন, বয়সের ছাপ আড়াল করতে বোটক্স কিংবা প্লাস্টিক সার্জারির আশ্রয় নিতে চান না তিনি। ৪৬ বছর বয়সেও অভিনয় ও সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করে চলা এই অভিনেত্রীর কাছে আত্মযত্নের প্রকৃত অর্থ সুস্থ জীবনযাপন, প্রাকৃতিক থেরাপি এবং পরিবারের সঙ্গে সময় কাটানো।

সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে বোটক্স ও কসমেটিক সার্জারি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কারিনা। তিনি জানান, সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিম ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের পথ বেছে নেওয়ার পক্ষে নন তিনি।

কারিনার মতে, পর্দায় তার সবচেয়ে বড় শক্তি অভিনয় ও প্রতিভা। বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।

বর্তমান সময়ে তরুণীদের মধ্যে বয়স লুকিয়ে রাখা কিংবা কম বয়সী দেখানোর প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। নিজের বয়সকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের চল্লিশের দশকই তার কাছে সবচেয়ে উপভোগ্য সময়।

কারিনা জানান, এই বয়সে এসে নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করছেন তিনি। পাশাপাশি অভিনয়েও এখন নিজের সেরা সময় পার করছেন বলে মনে করেন অভিনেত্রী।

কাজের ব্যস্ততাতেও পিছিয়ে নেই কারিনা। সম্প্রতি মেঘনা গুলজারের অপরাধনির্ভর নাট্যধর্মী সিনেমা ‘দাইরা’তে প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান।

 

মন্তব্য করুন