বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১১:৩২ এ এম

অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতলেন মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। জাতীয় পর্যায়ে এই মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে জমকালো আয়োজনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এদিন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা মাহির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তমা মির্জাও।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে পড়েন মাহি। মঞ্চে গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাকে মুকুট পরিয়ে দিলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড গাউন। অফ-শোল্ডার নকশার পোশাকটিতে ছিল পাথরের কাজ। অন্যদিকে, তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন।

মুকুট জয়ের পর আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে নিজের অনুভূতি জানান মাহি। তিনি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছেন—যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হওয়ার কথা ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া মাহির সামনে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার সুযোগ। বিশ্বমঞ্চে তার অংশগ্রহণ ও অর্জনের দিকে এখন তাকিয়ে আছেন দেশের দর্শকেরা।

 

মন্তব্য করুন