বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:১৯ পিএম

অনলাইন সংস্করণ

ভারতে অবস্থানের কারণ জানিয়ে আদালতে নোরা ফাতেহি

সুকেশের ২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় দিল্লির আদালতে সাক্ষ্য দিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এ সময় ভারতে তার অবস্থান, চেন্নাই সফর এবং সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে নিজের বক্তব্য জানান তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) আদালতে বক্তব্য দিতে গিয়ে নোরা জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন।

এর আগে নোরাকে দুবার আদালতে তলব করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তার আইনজীবী হাজিরা থেকে অব্যাহতি চাইলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। তিনি বলেন, সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল। একই সঙ্গে আদালতকে অবহেলা না করার বিষয়ে সতর্ক করেন।

সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকেও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে সম্পূরক অভিযোগপত্রে তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়।

পুলিশের দাবি, নোরা ফাতেহি ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ। ২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি বলে জানিয়েছিলেন।

সুকেশ চন্দ্রশেখর ভারতের বহুল আলোচিত প্রতারক হিসেবে পরিচিত। বেঙ্গালুরুর এই বাসিন্দা মাত্র ১৭ বছর বয়স থেকে প্রতারণায় জড়িয়ে পড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজনীতি ও ব্যবসায়ী মহলের প্রভাবশালীদের নাম ব্যবহার করে দেশটির বিভিন্ন বড় শহরে শত শত কোটি টাকার জালিয়াতির চক্র গড়ে তোলেন তিনি।

২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় বর্তমানে দিল্লির রোহিণী কারাগারে বন্দি সুকেশ। অভিযোগ অনুযায়ী, ভারতের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাবেক মালিক শিবিন্দার সিং ও মালবিন্দার সিংয়ের স্ত্রীদের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ২০০ কোটি রুপি আদায় করেন তিনি। পরে হাওয়ালা চ্যানেল ও ভুয়া ব্যাংক হিসাবের মাধ্যমে ওই অর্থ লেনদেন করা হয় বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন