প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১টা থেকে ২টার মধ্যে অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণস্থলের পাশেই নিজের গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এক ব্যক্তি। দুপুরের খাবার শেষে পাশের গাড়িটির চালক দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে চালক গুরুতর আহত হন।
অন্য একটি সূত্রের দাবি, বেলা ১টা থেকে ২টার মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। ককটেল ভবনের ওপরের দিক থেকে ছোড়া হয়েছে বলে কয়েকজন দাবি করেছেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিন বলেন, “আমাদের পার্কিংয়ে গাড়িটি রাখা ছিল। আমরা সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করছি। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম এবং ফুটেজ দেখেছি। বিস্ফোরণে শুধু গাড়িচালক আহত হয়েছেন। আর কেউ আহত হওয়ার খবর আমরা পাইনি। শিক্ষার্থীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি এবং থানায় খবর দিয়েছি। পুলিশের বিশেষজ্ঞরা এসে আলামত পরীক্ষা করলে ককটেলটি ঠিক কোন জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা শনাক্ত করতে পারবেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, “এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।”
এদিকে, ঘটনার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি বলেন, “ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যেসব কর্মচারী রয়েছেন, তারাই মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এদের ধরতে পারলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।”
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্ফোরণের আলামত পরীক্ষা করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন