প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি
ঢাকা, ১১ মার্চ ২০২৬ (বুধবার): ঢাকায় বসবাসরত লালমনিরহাট জেলার মানুষের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জেলার উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং নবগঠিত কার্যকরী পরিষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক, মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। তিনি তার বক্তব্যে বলেন, লালমনিরহাট জেলার উন্নয়ন ও ঐক্যবদ্ধ অগ্রযাত্রায় জেলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঢাকায় বসবাসরত জেলার মানুষদের পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির পৃষ্ঠপোষক সংসদ সদস্য হাসান রাজীব প্রধান এবং অপর পৃষ্ঠপোষক সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল। তারা বলেন, লালমনিরহাট জেলার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে জেলা সমিতির উদ্যোগ আরও শক্তিশালী হলে জেলার মানুষের কল্যাণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমিতির সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুলতানা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যকরী পরিষদের সদস্য, আজীবন ও সাধারণ সদস্যসহ ঢাকায় অবস্থানরত লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভা সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার কবির। এ সময় সমিতির সাধারণ সম্পাদক এম. এ. হানিফ লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রস্তাবনায় জেলার শিক্ষা, মানবিক সহায়তা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ জোরদারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কার্যকরী পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন