প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১১:১৫ এ এম
অনলাইন সংস্করণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আজ ১১ এপ্রিল শনিবার থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
গত ৮ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবেশপত্র ডাউনলোড চলবে ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চিতকৃত পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ‘Applicant Login (Honours Login)’ অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন দিয়ে অথবা ‘Honours Tab’-এর ‘Admit Card Download’ অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, পরীক্ষার অন্তত তিন দিন আগে নিজ নিজ কেন্দ্র থেকে অথবা কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস সংগ্রহ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে উল্লিখিত সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।
আগামী ২৫ এপ্রিল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের সব বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি নির্বাচিত কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করবেন।
পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, মোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে এক ঘণ্টা সময়। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। বিজ্ঞান, মানবিক/গার্হস্থ্য অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০ এবং বিষয়ভিত্তিক ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। পাস নম্বর ৩৫।
মেধাতালিকা প্রণয়নে এসএসসি/সমমানের জিপিএ-এর ৪০ শতাংশ (৪০ নম্বর) এবং এইচএসসি/সমমানের জিপিএ-এর ৬০ শতাংশ (৬০ নম্বর) যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল তৈরি করা হবে।
সংশ্লিষ্ট কলেজগুলোর জন্য নির্বাচিত কেন্দ্রের তালিকা, পরীক্ষার্থীদের তালিকা ও হাজিরাপত্র ডাউনলোড সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মন্তব্য করুন