আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:২৪ এ এম

অনলাইন সংস্করণ

চুক্তি না হলে বুধবার থেকেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে আগামী বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা থেকেই ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।

সোমবার (২০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই কঠোর অবস্থানের কথা জানান। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ১৪ দিনের এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে আগামী বুধবার। যুদ্ধবিরতি চলাকালে গত সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা করলেও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন। দ্বিতীয় দফার আলোচনা নিয়ে বর্তমানে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।

সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, বুধবারের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না। জবাবে তিনি সরাসরি বলেন, ‘এমন সম্ভাবনা খুবই কম।’ পুনরায় হামলা শুরুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকেই মার্কিন বাহিনী তাদের অভিযান শুরু করবে।

তবে সামরিক হুমকির পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথও খোলা রেখেছেন ট্রাম্প। তিনি বলেন, “আমি ইরানের সঙ্গে কোনো দায়সারা বা বাজে চুক্তি করতে তাড়াহুড়ো করছি না। আমরা একটি দীর্ঘমেয়াদী ও শক্তিশালী চুক্তি চাই এবং সেটির জন্য প্রয়োজনীয় সময় নিতে আমরা প্রস্তুত। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্যে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল রয়েছে। অন্যদিকে, ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পর তেহরানও তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। বুধবারের সময়সীমা পার হওয়ার আগেই কোনো নাটকীয় মোড় না এলে মধ্যপ্রাচ্যে পুনরায় বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মন্তব্য করুন