প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটে যোগ দিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ ও মতবিনিময় হয়।
সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।
সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছানোর পর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দনের কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গেও তার করমর্দনের কথা রয়েছে। এরপর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পারিবারিক ছবি তোলা এবং লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন তিনি।
দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক। দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এবং বিকেল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বিকেলে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। তুরস্কের ফার্স্ট লেডির সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিতেই তার এ সফর।
মন্তব্য করুন