প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০৯:৩১ এ এম
অনলাইন সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। তিনি জানান, এ আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্বপূর্ণ বিষয় হবে।
ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে ইসলামাবাদে যাওয়ার আগে কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তাকে শুভকামনা জানিয়েছি।”
ট্রাম্প আরও বলেন, আলোচনা একবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কোনো বিকল্প পরিকল্পনা আছে কি না—জানতে চাইলে তিনি জোর দিয়ে বলেন, “আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।”
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি কেমন হতে পারে—এ প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।” তিনি এ সময় উল্লেখ করেন, তাঁর মতে ইরানে ইতিমধ্যে সরকার পরিবর্তন ঘটে গেছে।
হরমুজ প্রণালি ‘খুব শিগগিরই’ খুলে দেওয়া হবে বলেও জানান ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করবে—এমন খবরের বিষয়ে তিনি বলেন, “আমরা এমনটা হতে দেব না।”
বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনা চলছে। এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন