প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
শিশুশিল্পী সিমরিন লুবাবা আবারও নিজের ফেসবুক পেজ ফিরে পেয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সুখবর জানিয়েছেন তিনি। বিনোদন অঙ্গনে সক্রিয় না থাকলেও মাঝেমধ্যে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে আলোচনায় আসেন এই সাবেক শিশুশিল্পী।
কয়েক দিন আগে দেওয়া পোস্টে লুবাবা লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’
তার এই পোস্টের পর অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। ফেসবুক পেজ ফিরে পাওয়ার বিষয়টি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন তার ভক্তরা।
এর আগে বাল্যবিবাহ করেছেন লুবাবা—এমন খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। কেউ তাকে শুভকামনা জানান, আবার কেউ তার বয়স বিবেচনায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।
তবে পরে গণমাধ্যমকে লুবাবা জানান, এখনো বিয়ে করেননি তিনি। তবে যার সঙ্গে বিয়ের কথা চলছে, তার সঙ্গে বাগ্দান সম্পন্ন হয়েছে।
বাগদত্তার সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।’
পরে বিয়ে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আরেকটি পোস্টে তিনি জানান, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তাদের বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।
মন্তব্য করুন