প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। জীবনের আরও একটি বছর পেরিয়ে ৩৩ বছরে পা রাখলেন তিনি। তবে জন্মদিন ঘিরে বড় কোনো আয়োজনের চেয়ে পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।
জন্মদিনের আগের দিন ব্যাংকক সফর শেষ করে দেশে ফিরেছেন মিম। অভিনেত্রী জানান, পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করাই তার কাছে সবচেয়ে আনন্দের। এ কারণেই ভ্রমণের সময় এমনভাবে নির্ধারণ করেছিলেন, যাতে বিশেষ দিনটিতে দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গ পেতে পারেন।
৩৩ বছরে পা রাখাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে চলছে আলোচনা। মজার ছলে একজন জানতে চান, ৩৩ বছর বয়স পর্যন্ত কেউ কখনো মিমকে দেওয়া কথা ভেঙেছেন কি না। হাসিমুখে অভিনেত্রী জানান, তার সঙ্গে এমন ঘটনা কখনো ঘটেনি। সবাই তাকে দেওয়া কথা রেখেছেন।
জন্মদিনে নিজের জীবনের প্রাপ্তি ও অভিনয়জীবন নিয়েও কথা বলেছেন মিম। তার মতে, দর্শকদের ভালোবাসা ও সমর্থনই তার জীবনের সবচেয়ে বড় অর্জন।
ছোটবেলায় অনেক মানুষের কাছে পরিচিত হওয়ার স্বপ্ন দেখতেন এই অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করেন তিনি।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন মিম। সম্প্রতি দুটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। নতুন বছরে ভালো গল্প ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা ধরে রাখার প্রত্যাশা করছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন