বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা

শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকার একটি আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ অক্টোবর বাদীর পক্ষে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা দুটি পৃথক মামলা চলমান রয়েছে। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বাদীর বিষয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপনের অভিযোগও আনা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, গত বছরের ৭ নভেম্বর তানজিন তিশা তার ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীর মেসেঞ্জারে কল করে তাকে ভাইরাল করার হুমকি দেন। এ সময় তিনি বলেন, “ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিব নে।”

অভিযোগে বলা হয়, গত ২৭ অক্টোবর তিশা তার ফেসবুক পেজে বাদীর একটি ছবি প্রকাশ করেন, যেখানে একজন নারীকে চুম্বন করার দৃশ্য ছিল। বাদীর অজান্তে ছবিটি প্রকাশ করে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া দুজন নাবালক শিশুর ছবিও প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে।

বাদীর বিষয়ে তিশা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। সেখানে তিশার বক্তব্য হিসেবে বলা হয়েছে, “সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলার আগে দেখিওনি।”

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি বাদীর নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সরানো হয়নি বলে অভিযোগ করেছেন বাদী।

তিশা বিভিন্ন ব্যক্তির কাছে বাদীর বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাদী জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে মামলা করেছেন বলে তিশা কটূক্তি করেছেন, এমন অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনায় নিজের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন সানায়া আনাম।

এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেছিলেন সানায়া আনাম। পরে গত ২৭ অক্টোবর ওই মামলা প্রত্যাহারে তাকে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলা করেন তিনি। ওই মামলায় তানজিন তিশাকে ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

 

মন্তব্য করুন