তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:০৩ পিএম

অনলাইন সংস্করণ

গ্রেনেড সদৃশ বস্তু পাওয়ার পর পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে

রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু পাওয়া গেছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী। এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনে পড়ে থাকা গ্রেনেড সদৃশ দুটি বস্তুর বিষয়ে দায়িত্বরত পুলিশকে জানান স্থানীয় এক ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।

জানা গেছে, ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। তাঁকে বিষয়টি জানানোর পর নিরাপত্তার স্বার্থে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন