প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ
সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজা হলে কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না। ফলে পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলার সময় তিনি বিচার এড়িয়ে গেছেন বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, শেখ হাসিনা বিচার মোকাবিলা করতে আদালতে আসেননি। রায় প্রকাশের পরও আপিল করেননি। ভবিষ্যতে তাঁর আর আপিল করার আইনগত সুযোগ নেই।
চিফ প্রসিকিউটর জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তাঁর মতে, শেখ হাসিনা নিজে, তাঁর দল বা নেতাকর্মীরা আবেদন না করে একটি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করায় বিষয়টি অস্বাভাবিক। পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টিকে হাস্যকর বলেছেন বলে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাননি বলেও জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানোই সঠিক পন্থা বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল ইসলাম। তাঁর দাবি, সত্যিকার অর্থে দেশে ফেরার ইচ্ছা থাকলে শেখ হাসিনা মামলা চলাকালে দেশে এসে বিচার মোকাবিলা করতেন এবং রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে চিফ প্রসিকিউটর আরও বলেন, তিনি আত্মীয়স্বজনসহ দেশ ছেড়ে গেলেও তাঁর দলের নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন। তাঁদের আরও বিপদে ফেলার মতো কোনো তৎপরতা চালানো হলে তা দলগতভাবেও ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল মাধ্যমে তাঁর নিজের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বক্তব্যগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
মন্তব্য করুন