বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১২:০১ পিএম

অনলাইন সংস্করণ

সানীর সঙ্গে আজীবন থাকার অঙ্গীকার মৌসুমীর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, জীবনে নিন্দুক থাকাটাও জরুরি। তাদের সমালোচনা অনেক সময় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। স্বামী ওমর সানীর সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা ও বিতর্কের প্রসঙ্গেও নিজের অবস্থান জানিয়েছেন এই অভিনেত্রী।

আজ মৌসুমীর জন্মদিন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ইতোমধ্যে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেয়েছেন তিনি। জন্মদিন উদযাপন ও ক্যারিয়ারের নানা বাঁক নিয়ে যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মৌসুমী।

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানীর সংসারের বয়স ২৭ বছর। তাদের সন্তান, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। একসময় এই সম্পর্ক ঘিরে নানা বিতর্কও তৈরি হয়।

এসব প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী বলেন, “আমি বিশ্বাস করি আমি যত বড় ও বিখ্যাতই হই না কেন, আমার নিন্দুক থাকবেই। তারা কখনো ভালো বলবে না, তাদের চোখে আমি আমরা সবসময়ই খারাপ। তারা আমার কাজগুলো সবসময় দেখুক, কাজের চুলচেরা বিশ্লেষণ করুক, তাতে আমি আরও ভালো করব। জীবনে নিন্দুক থাকাটাও জরুরি। তারাও অনেক সময় অনুপ্রেরণার।”

মৌসুমী বলেন, “আমি আর সানী দুজনে একসঙ্গে যেমন অনেক কাজ করেছি, আলাদাভাবেও করেছি। সেসব কাজে সুনাম হয়েছে, দুর্নামও হয়েছে। তবে কাজ করে সুখ্যাতিই এসেছে জীবনে বেশি। দীর্ঘদিনের চলার পথে আমি হয়ে উঠেছি সবার প্রিয় মৌসুমী। বিখ্যাত হতে গেলে অনেক সময় অনেক প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়। আর এ সময় এসে তো নানা বুলিংয়ের শিকার হতে হয়।”

দাম্পত্য জীবন নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “অনেক সময় হলুদ সাংবাদিকতার মুখোমুখি হতে হয়েছে আমাদের সংসার জীবন নিয়ে। সেসব ঠান্ডা মাথায় প্রতিরোধ করার চেষ্টা করেছি। আমি আর সানী সেসব গুরুত্ব না দিয়ে জীবনে কখনো কাউকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যাব না, এ মানসিকতা নিয়ে একে অন্যের হয়েছিলাম, তাই আজীবন একসঙ্গেই থাকব।”

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহকে স্বাভাবিক বলেও মনে করেন মৌসুমী। এ বিষয়ে তিনি বলেন, “তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দুজন দুজনকে ছেড়ে যাব না কখনো, এ অঙ্গীকার নিয়েই কিন্তু ভালোবেসেছিলাম, কাছে এসেছিলাম।”

সংসার ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষার অভিজ্ঞতা তুলে ধরে মৌসুমী জানান, একসময় কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে পরিবারকে সময় দিতে পারছিলেন না। নিজের স্বাধীনতা, ব্যক্তিগত সুখ ও মানসিক শান্তির সঙ্গে আপস করেও কাজ চালিয়ে যেতে হয়েছে তাকে। তবে কাজ শেষে সব সময় পরিবারের কাছেই ফিরেছেন। কারণ, সবকিছুর শেষে পরিবারের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন এই অভিনেত্রী।

 

মন্তব্য করুন