প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ১১:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুতের প্রথম সাক্ষাতের গল্পে রয়েছে মজার এক ঘটনা। প্রথমবার দেখা হওয়ার পর কয়েক ঘণ্টা গল্পের মাঝেই মীরাকে নিজের জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ। অভিনেতার এমন অদ্ভুত আবদারে বিস্মিত হয়েছিলেন মীরা।
সম্প্রতি ছোট ভাই ঈশান খট্টরকে সঙ্গে নিয়ে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন শাহিদ ও মীরা। সেখানে নিজেদের সম্পর্কের শুরুর দিকের নানা স্মৃতি তুলে ধরেন তারা।
প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে মীরা বলেন, প্রায় দুই থেকে তিন ঘণ্টা কথা বলার পর শাহিদ তাকে ফোন বের করে জুতার ছবি তুলতে বলেন। এমন অনুরোধে অবাক হলেও শেষ পর্যন্ত ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলে দেন তিনি। এরপর ছবিটি দেখিয়ে জানতে চান, এতে বিশেষত্ব কী?
শাহিদ তখন গর্বের সঙ্গে জানান, তার জুতা অন্ধকারে জ্বলে। তবে মীরার কাছে বিষয়টি মোটেও বিশেষ কিছু মনে হয়নি। অভিনেতা জানান, পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচতেই তিনি বিশেষ ধরনের ওই জুতা ব্যবহার করতেন।
প্রথম সাক্ষাতের সময় দুজনের বয়সের পার্থক্য নিয়েও কথা বলেন শাহিদ। তার ভাষ্য, তখন মীরার বয়স ছিল ২০ বছর, আর তার নিজের ৩৪। দুজনের চিন্তাভাবনা মিলবে কি না, তা নিয়ে ভাবতে ভাবতেই কখন যে সাত ঘণ্টা কেটে গিয়েছিল, বুঝতেই পারেননি তারা।
বিয়ের আগে মীরার পরিবারের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিও অনুষ্ঠানে তুলে ধরেন শাহিদ। সে সময় ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সিনেমাটিতে টমি সিং চরিত্রের জন্য তার চুলে ছিল নজরকাড়া সবুজ রং। সেই সাজ নিয়েই মীরার দিল্লির বাড়িতে হাজির হয়েছিলেন অভিনেতা।
শাহিদ জানান, বাড়ির দরজা খুলেছিলেন তার হবু শ্বশুর। পেশায় প্রকৌশলী ও আইআইটির সাবেক শিক্ষার্থী মীরার বাবাকে শাহিদের সবুজ চুল ও অদ্ভুত সাজসজ্জা দেখে কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি।
অভিনেতার ভাষ্য, তার শ্বশুর অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ একজন মানুষ। দরজা খুলে শাহিদের অদ্ভুত সাজ দেখে তিনি কিছুক্ষণ থমকে গিয়েছিলেন। তার মুখের অভিব্যক্তি দেখে শাহিদের মনে হয়েছিল, মেয়েকে কেমন পাত্রের হাতে তুলে দিতে যাচ্ছেন, তা নিয়েই হয়তো ভাবছেন তিনি। সেই দৃশ্য আজও মনে রেখেছেন অভিনেতা।
শুধু মীরার বাবাই নন, বিয়ের পর ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা দেখেও অস্বস্তিতে পড়েছিলেন মীরা। দুজন একসঙ্গে এডিটিং রুমে বসে সিনেমাটি দেখেছিলেন। ছবি শেষ হওয়ার পর মীরার প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাহিদ মজা করে বলেন, মীরা সোফার অন্য প্রান্তে বসে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার মনে তখন একটাই প্রশ্ন—কাকে বিয়ে করে ফেললেন তিনি!
অনুষ্ঠানে শাহিদের ‘কবীর সিং’ সিনেমা নিয়েও হাসি-ঠাট্টা হয়। সঞ্চালক কপিল শর্মা ছবিটি নিয়ে মজা করলে শাহিদ জানান, এই সিনেমায় অভিনয়ের জন্য তাকে রাজি করিয়েছিলেন মীরাই। অন্যদিকে মীরা জানান, বিয়ের আগে শাহিদের খুব বেশি সিনেমা দেখা হয়নি তার। তবে ‘জব উই মেট’ ছিল তার অন্যতম প্রিয় ছবি।
উল্লেখ্য, ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—মেয়ে মিশা ও ছেলে জাইন। ২০১৬ সালে জন্ম নেয় মিশা, আর ২০১৮ সালে তাদের পরিবারে আসে জাইন। দীর্ঘ দাম্পত্য জীবনেও তাদের হাসি-ঠাট্টা ও ভালোবাসার সম্পর্ক অটুট রয়েছে, কপিল শর্মার অনুষ্ঠানে তাদের কথোপকথনে তা আবারও উঠে এসেছে।
মন্তব্য করুন