প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১০:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় মঙ্গলবার (৩ নভেম্বর) ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি স্বাভাবিক ছিল।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে যান। এ সময় কিছু শ্রমিক নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন।
পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। একপর্যায়ে শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করে।
পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন এলাকার ছোট ছোট সড়কে কিছু শ্রমিক ঘোরাফেরা করছেন। শিল্পাঞ্চলগুলোতে পুলিশ টহল দিচ্ছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরো গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছিলেন। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন এবং কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
মন্তব্য করুন