প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে একবারও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। তবে সিরিজ জয়ের সেই আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টিতে নেমেই মুদ্রার লড়াইয়ে জিতলেন টাইগার অধিনায়ক লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে সফরকারীদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
টস জয়ের পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে লিটন জানান, "আমরা প্রথমে বোলিং করছি। তিন সিমার খেলাচ্ছি আমরা। সঙ্গে আছেন ২ স্পিনার আর ৬ ব্যাটার।"
সিলেটে উইকেটের আচরণ এবং নিজেদের পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, "উইকেটটা দেখে ভালো উইকেটই মনে হচ্ছে। আমরা তাদেরকে অল্প রানে আটকে রাখার চেষ্টা করব।"
এদিকে ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্টে সাবেক প্রোটিয়া ব্যাটার এইচ ডি অ্যাকারম্যান উইকেট নিয়ে বিশদ ব্যাখ্যা দেন। ২০২৫ সালের পরিসংখ্যান টেনে তিনি জানান, "২০২৫ সালে এই মাঠে ৬টি ম্যাচ খেলা হয়েছে, গড় স্কোর ছিল ১৫৫। আমি মনে করি না ১৫৫ রান এখানে নিরাপদ হবে। পিচটা দেখে বেশ ভালো বলে মনে হচ্ছে, ভালো বাউন্স থাকবে, স্পিন খুব একটা হবে না। শুরুতে ব্যাট করলে আপনার ১৭০ রানের বেশি করতে হবে।" ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও কিউইদের বিপক্ষে দাপট ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে টিম বাংলাদেশ।
মন্তব্য করুন