তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:০৯ পিএম

অনলাইন সংস্করণ

নিজের শরীরে ক্যানসার শনাক্তের খবর প্রকাশ করলেন নেতানিয়াহু

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল, তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ তথ্য সামনে আনেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, দুই মাস আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। তবে তিনি ইচ্ছাকৃতভাবে এই তথ্য প্রকাশে দেরি করেন। তার ভাষ্য, ইরান যাতে বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রচারণা চালাতে না পারে, সেই বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার করান তিনি। পরবর্তী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে বলা হয়েছে, এটি খুব প্রাথমিক পর্যায়ের একটি ক্ষুদ্র টিউমার, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি।

নেতানিয়াহু দাবি করেছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে সুস্থ আছেন তিনি।

মন্তব্য করুন