প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বলেন, ইরানের সঙ্গে যেকোনো সময় যুদ্ধবিরতির সমাপ্তি ঘটতে পারে।
বৈঠকে নেতানিয়াহু ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
নেতানিয়াহু জানান, গত শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাঁকে বিস্তারিত অবহিত করেছেন। তিনি দাবি করেন, আলোচনার প্রধান শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করবে, যার বিনিময়ে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেবে। কিন্তু ইরান হরমুজ প্রণালি না খুলে সেই শর্ত ভঙ্গ করেছে, যা যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও বৈঠকে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি জানান, ওয়াশিংটন দাবি করেছে যে ইরানকে তাদের সমৃদ্ধকৃত সব ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক দশক তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। নেতানিয়াহু এই দাবিকে ইসরায়েলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে অবরোধ আরোপের ঘোষণাকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু স্পষ্ট করেন যে, ইরান ইস্যুতে হোয়াইট হাউসের সঙ্গে তাঁদের কোনো দূরত্ব নেই; বরং দুই দেশ একযোগে তেহরানের ওপর চাপ বজায় রাখছে।
পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালি নিয়ে তৈরি হওয়া এই অচলাবস্থা মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
মন্তব্য করুন