প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মৃত শিশুদের মধ্যে দুইজনের হাম নিশ্চিত হওয়া গেছে এবং বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের এই হিসাবে দেখা যাচ্ছে, মৃত শিশুদের মধ্যে ঢাকা বিভাগেরই ছয়জন (২ জন নিশ্চিত হাম ও ৪ জন উপসর্গযুক্ত) এবং একজন রাজশাহী বিভাগের।
এক নজরে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান:
হাম শনাক্ত: ৮২ জন (সর্বোচ্চ ঢাকা বিভাগে ৭৬ জন)।
উপসর্গ নিয়ে ভর্তি: ৭২৯ শিশু (ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭৪ জন)।
মোট উপসর্গযুক্ত রোগী: ১ হাজার ৩৭১ জন।
হাসপাতাল ত্যাগ: সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১৩ জন।
বিভাগীয় বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগ বর্তমানে হামের হটস্পটে পরিণত হয়েছে। একদিনে শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে ৭৬ জনই এই বিভাগের। এর বাইরে রাজশাহীতে চারজন এবং চট্টগ্রামে দুইজন শনাক্ত হয়েছে। তবে রংপুর ও ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩০ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও উদ্বেগজনক—১৫৬ জন। গত এক মাসে মোট ১৭ হাজার ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে, যাদের মধ্যে প্রায় ১১ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭২১ জন।
চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং শরীরে লালচে দানা বা জ্বরের মতো উপসর্গ দেখা দিলেই দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন
মন্তব্য করুন