প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন—এমন ইঙ্গিত দিয়েছে মার্কিন গোয়েন্দা তথ্য।
শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে তিনজন সূত্র জানিয়েছেন, বেইজিং কাঁধ থেকে ছোড়া বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যানপ্যাড) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রের উৎস আড়াল করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে চালান পাঠানোর পরিকল্পনা করছে চীন।
রয়টার্স জানায়, এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
এমন খবর প্রকাশ পেল যখন আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল শান্তি আলোচনায় বসতে যাচ্ছে। গত মঙ্গলবার পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই দেশ।
মার্কিন গোয়েন্দা তথ্যে আরও আভাস মিলেছে যে, ইরান এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে বিদেশি অংশীদারদের সহায়তায় তার অস্ত্রশস্ত্রের ঘাটতি পূরণ করতে পারে।
চীনা দূতাবাসের এক মুখপাত্র সিএনএনকে বলেন, সংঘর্ষের সময় কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করে না চীন। এই গোয়েন্দা তথ্যের ধরন নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেন, দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করে আসছে। ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।
এর আগে চীনা দূতাবাস জানিয়েছিল, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বেইজিং যুদ্ধবিরতি ও সংঘাতের সমাপ্তির জন্য সহায়তা করে আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, চীন যদি সরাসরি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হবে। তবে চীন নিজেকে ইরানের বন্ধু হিসেবে দেখিয়ে সংঘাতে নিরপেক্ষ থাকার কৌশল নিতে পারে, কারণ তেহরানের তেলের ওপর বেইজিং অনেকাংশে নির্ভরশীল।
আগামী মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে।
মন্তব্য করুন