আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩১ এ এম

অনলাইন সংস্করণ

আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে কোনো কার্ড নেই। তারা শুধু আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করে বিশ্বকে সাময়িকভাবে জিম্মি করে রেখেছে। ইরানের নেতারা এখনও বেঁচে আছেন শুধু আলোচনার জন্য।

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা লেখেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেন, পাকিস্তানে চলমান আলোচনা ব্যর্থ হলে মার্কিন যুদ্ধজাহাজ আবার হামলা শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, “আমরা প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই জানতে পারব।”

ট্রাম্প আরও বলেন, বর্তমানে মার্কিন রণতরীগুলোকে বিশ্বের সবচেয়ে উন্নত ও অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত করা হচ্ছে। চুক্তিতে পৌঁছাতে না পারলে এসব অস্ত্র অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে।

ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছে বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো আস্থা নেই।” তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের আটকে পড়া সম্পদ ছাড়িয়ে না দেওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না।

আলোচনায় মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, হরমুজ প্রণালি খুলে দেওয়া, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। পাল্টা ইরান চায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটকে পড়া সম্পদ মুক্তি।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদী যে একটি চুক্তি সম্ভব। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছেন।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শনিবার অনুষ্ঠিতব্য এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন