প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০৯:৪১ এ এম
অনলাইন সংস্করণ
পাকিস্তানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠকের আগে দুটি প্রধান শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। শর্ত দুটি বাস্তবায়িত না হলে আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আলোচনায় বসার আগে দুটি বিষয়ে আগাম সমঝোতা হয়েছিল। সেগুলো হলো— লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। তিনি জোর দিয়ে বলেন, এই দুটি শর্ত নিশ্চিত না হলে কোনো আলোচনা শুরু হওয়া উচিত নয়।
গালিবাফ আরও বলেন, “আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই।” তিনি উল্লেখ করেন, অতীতে আমেরিকানদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ ও ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে।
বর্তমানে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ প্রেক্ষাপটে ইরান আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের ওপর বিশেষ জোর দিচ্ছে, যা কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা ও চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। আজ শনিবার ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মূল আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বৈঠকের ফলাফল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
মন্তব্য করুন