প্রকাশিত: ৯ মে, ২০২৬, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে ঘটে গেছে রোমহর্ষক পাঁচ খুনের ঘটনা। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের স্ত্রী, তিন শিশুসন্তান ও শ্যালক। স্ত্রীর পরকীয়া এবং ১০ লাখ টাকা আত্মসাতের ক্ষোভ থেকে স্বামী ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে বাড়িটি থেকে গলাকাটা পাঁচটি মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে তদন্তে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে পড়ে মরদেহের পাশে ছড়িয়ে থাকা বেশ কিছু প্রিন্ট করা কাগজ। অনুসন্ধানে জানা যায়, এগুলো আসলে ফোরকানের আগে করা একটি থানা অভিযোগের কপি, যেখানে তিনি স্ত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ এনেছিলেন।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, 'অভিযোগের কপিগুলো পড়ে প্রাথমিকভাবে মনে হচ্ছে এই ঘটনার সাথে ফোরকানও জড়িত। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ১০ লাখ টাকা আত্মসাৎ এবং পরকীয়ার বিষয়টি মেনে নিতে পারেননি ফোরকান। তাছাড়া ঘরে রান্না করা সেমাই, কোকাকোলা ও একটি মদের বোতল পাওয়া গেছে। খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছি আমরা।'
হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ রয়েছেন মূল সন্দেহভাজন ফোরকান মিয়া। তাকে গ্রেফতারে একাধিক পুলিশ দল মাঠে কাজ করছে। পাশাপাশি উদ্ধার করা অভিযোগপত্রগুলোর সত্যতা যাচাইয়ের কাজও চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন