রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৬ ১৪৩২   ২০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬  

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢুকছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে। এসব অস্ত্র নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, খুনোখুনি, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে। ঢাকায় গত ২২ জানুয়ারি দুটি বিদেশি পিস্তল, ২১টি গুলিসহ পুলিশের কাছে ধরা পড়েন মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫) নামের একজন অস্ত্র কারবারি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বলেছে, জিজ্ঞাসাবাদে আজগর জানিয়েছেন, ভারতের সীমান্ত থেকে যশোরের বেনাপোল হয়ে আসা পিস্তল দুটি বিক্রির জন্য আনা হয়েছিল।

 

এর আগে গত ১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন টোল ঘর এলাকায় পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দুটি ম্যাগাজিনসহ রয়েল হাসান নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ভারত থেকে সীমান্তের মনাকষা হয়ে এ অস্ত্র ও গুলি রয়েলের কাছে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। সীমান্তের ৩০ পয়েন্ট দিয়ে অস্ত্র প্রবেশ বিজিবি, পুলিশ ও র‍্যাব সূত্র জানায়, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অন্তত ৩০টি পয়েন্ট দিয়ে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে।

 

এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

 

  • চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রহনপুর রাঘব বাটি, গোপালপুর, মনাকষা, সোনা মসজিদ, আজমতপুর, বিলভাতিয়া
  • ঝিনাইদহের মহেশপুরের জুলুলী
  • সাতক্ষীরার কলারোয়ার তলুইগাছা
  • যশোরের বেনাপোল ও চৌগাছা
  • রাজশাহীর গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট
  • চুয়াডাঙ্গার দর্শনা
  • মেহেরপুর
  • কুমিল্লার সরাইল
  • বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
  • কক্সবাজারের টেকনাফের খড়ের দ্বীপ ও উখিয়া
  • কুষ্টিয়ার দৌলতপুরের চরচিলামারী
  • সিলেটের কানাইহাট, জৈন্তাপুরের মিনাটিলা, জাফলংয়ের কাটরি
  • সুনামগঞ্জের ছনবাড়ি বাজার ও চারাগাঁও
  • দিনাজপুরের গিলবাড়ি
  • মৌলভীবাজারের বড় লেখার তারাদরম

 

অস্ত্রের প্রবেশপথ ও ব্যবহার অস্ত্র কারবারিরা মাছ ধরার ট্রলার, নৌকা ও অরক্ষিত সীমান্ত পথ ব্যবহার করে অস্ত্র আনছে। গ্রেপ্তার ব্যক্তিরা কমিশনের বিনিময়ে সীমান্তের ওপার থেকে অস্ত্র এনে এপারের কারবারিদের হাতে তুলে দিচ্ছে। এরপর অস্ত্র পৌঁছে যাচ্ছে অসাধু রাজনৈতিক নেতা, সন্ত্রাসী, উগ্রপন্থী, ডাকাত ও ভূমিদস্যুদের হাতে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে বলেই দেশের ভেতরে প্রতিদিন অভিযানে কিছু উদ্ধার হচ্ছে। নির্বাচন সামনে রেখে টহল ও তল্লাশিচৌকি সক্রিয় করা হয়েছে। পুলিশের ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, বিজিবি সীমান্ত থেকে দেশের ভেতরের আট কিলোমিটার এলাকায় অভিযান চালায়। তৎপরতার কারণে সীমান্ত দিয়ে ঢোকার সময় অনেক চালান ধরা পড়ছে। সীমান্তের বাস্তবতা বাংলাদেশ-ভারতের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার কিলোমিটারে কাঁটাতারের বেড়া থাকলেও বাকি অংশ অরক্ষিত। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা ও কারাগার থেকে ৫ হাজার ৮১৭টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। এর মধ্যে এখনো ১ হাজার ৩৬২টি উদ্ধার হয়নি।

 

নিরাপত্তাবিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়া একটি বড় হুমকি। সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকলে পরিস্থিতি আরও নাজুক হবে। সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সহিংসতার ঘটনা বেড়েছে। সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই বিভাগের আরো খবর