বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬  

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন করতে হলে কিংবা অন্য কাউকে ব্যবহার করতে দিতে হলে অথবা বিক্রির আগে অবশ্যই মোবাইল ডি-রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি ২০২৬ থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনআইআর)’ সিস্টেমটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে। এর আওতায় নেটওয়ার্কে সচল সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।

 

ফলে এখন থেকে নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া কিংবা বিক্রির আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে যুক্ত হ্যান্ডসেটের নিবন্ধন বাতিল বা অবমুক্ত করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে সিম কেনার সময় ব্যবহৃত এনআইডি বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে। নিবন্ধিত ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এই প্রক্রিয়া এখন থেকে অনুসরণ করতে হবে।

 

মোবাইল ডি-রেজিস্ট্রেশন করার উপায়

১. সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)

  • এনইআইআর পোর্টালে লগ ইন করুন।
  • ড্যাশবোর্ডে গিয়ে আপনার নিবন্ধিত ডিভাইসের তালিকা দেখুন।
  • যে ডিভাইসটি ডি-রেজিস্টার করতে চান, সেটি নির্বাচন করে ‘ডি-রেজিস্টার’ অপশনে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় বিবরণ দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন।

 

২. *ইউএসএসডি চ্যানেল (১৬১৬১#)

  • মোবাইলের কল অপশনে গিয়ে *১৬১৬১# ডায়াল করুন।
  • ডি-রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করে প্রক্রিয়া সম্পন্ন করুন।

 

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • ডি-রেজিস্ট্রেশনের সময় আপনার ফোনে যে সিমটি ব্যবহার করছেন, সেটি অবশ্যই আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে।
  • ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বর যুক্ত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

 

সহায়তা পাওয়ার উপায়

  • বিস্তারিত তথ্যের জন্য বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করুন।
  • বিটিআরসির কল সেন্টারে যোগাযোগ করুন: ১০০।
  • অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন।

 

এই নতুন ব্যবস্থার কারণে ব্যবহৃত মোবাইল ফোন কেনা-বেচা বা হস্তান্তরের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সতর্ক থাকতে হবে। না হলে ভবিষ্যতে নেটওয়ার্কে ফোন ব্লক বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারেন।

এই বিভাগের আরো খবর