প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:২২ এ এম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তার দুই ছেলে তৈমুর ও জেহের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বেশ সতর্ক। বিশেষ করে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহারের অনুমতি তাদের নেই বলে জানিয়েছেন তিনি। দীর্ঘ সময় গেম খেললে ছেলেদের হাত থেকে ফোন কেড়ে নিতেও হয় বলে জানান অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে নিজের উদ্বেগের কথা বলেন কারিনা। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কিছু নেতিবাচক দিক নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
তৈমুর ও জেহের হাতে মোবাইল ফোন বা ল্যাপটপ দেখা যায় কি না—এমন প্রশ্নের জবাবে কারিনা জানান, ছেলেদের নিজস্ব ফোন ব্যবহারের অনুমতি নেই। তবে তৈমুর তার দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তির ফোনকে নিজের ফোন হিসেবে দাবি করে।
এ প্রসঙ্গে কারিনা জানান, তিনি তৈমুরকে বুঝিয়েছেন যে সেটি তার ফোন নয়। এমনকি বন্ধুদের কাছে ওই ফোনটিকে নিজের ফোন হিসেবে পরিচয় দিতে পারবে কি না, তা-ও মায়ের কাছে জানতে চেয়েছিল তৈমুর। কারিনা তাকে সরাসরি না করে দেন।
সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি তাকে উদ্বিগ্ন করে বলেও জানান কারিনা। তিনি বলেন, ছেলেরা দীর্ঘ সময় গেম খেললে তাদের হাত থেকে ফোন কেড়ে নিতে হয়। তৈমুর এ সময় তাকে মনে করিয়ে দেয়, বাবা-মাও ফোনে কথা বলেন।
তবে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে কারিনার সঙ্গে স্বামী সাইফ আলি খানের মাঝেমধ্যে মতের অমিল হয়। কারিনা জানান, সাইফ মনে করেন তিনি বিষয়টি নিয়ে বেশি চিন্তা করেন এবং তার কিছুটা শান্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে কারিনার মতে, সন্তানদের ক্ষেত্রে তাকে আরও সতর্ক থাকতে হবে। এই বিষয়টিই তাদের মধ্যে মতবিরোধের অন্যতম কারণ বলেও জানান তিনি।
তৈমুর ও জেহের শৈশব যতটা সম্ভব দীর্ঘ হোক—এমনটাই চান কারিনা। তার ভাষায়, তিনি চান ছেলেরা যতদিন সম্ভব ছোটই থাকুক।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেন কারিনা। তবে প্রযুক্তির ব্যবহার যেন বিপজ্জনক পর্যায়ে না পৌঁছায়, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানান তিনি।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু দিক নিয়ে অস্বস্তির কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, তার সন্তানদের বয়স এখন ৯ ও ৫ বছর হওয়ায় এআই নিয়ে তিনি বিশেষভাবে চিন্তিত। কারিনার মতে, প্রযুক্তির কিছু বিষয় নিষিদ্ধ করা প্রয়োজন হলেও কিছু ক্ষেত্রে এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাও জরুরি।
মন্তব্য করুন