প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন অপতৎপরতা চালায়। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনাও ঘটছে।
তিনি বলেন, “আওয়ামী লীগ কিছু অপতৎপরতা মাঝেমধ্যে দৃশ্যমান হয়।” ফজরের নামাজের পর তারা এক-দুটি মিছিল করে ভিডিও ধারণ করে বলেও জানান তিনি। অল্পসংখ্যক লোক নিয়ে এসব মিছিলের বিষয়টি তারা দেখেছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গুলশানের মিছিল প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দিনের বেলা প্রায় ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।”
গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ঘটনাটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই; পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন।
মন্তব্য করুন