বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:২৯ এ এম

অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, ছবি হারিয়েছিলেন নীহারিকা এনএম

ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়ার পর এবার বলিউডে অভিষেক হয়েছে নীহারিকা এনএমের। রাঘব জুয়ালের বিপরীতে অভিনয় করা তাঁর প্রথম হিন্দি ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’ মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের শুরুর দিকের একটি তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন নীহারিকা।

নীহারিকার ভাষ্য, অভিনয়জীবনের শুরুতে বিভিন্ন কারণে তাঁকে প্রত্যাখ্যাত হতে হয়েছে। এর মধ্যে একটি ঘটনা এখনো তাঁর মনে আছে। একটি ছবির জন্য খ্যাতনামা এক পরিচালক তাঁকে নির্বাচন করেছিলেন। অডিশন ও লুক টেস্টও হয়েছিল। পরে তাঁর বাড়িতে চুক্তিপত্র পাঠানো হয় এবং তিনি তাতে স্বাক্ষর করেন।

চুক্তিতে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের শর্ত ছিল। নীহারিকা জানান, শুরুতেই তিনি নির্মাতাদের বলেছিলেন যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না এবং এতে তাঁর অস্বস্তি হয়।

তাঁর ভাষ্য অনুযায়ী, নির্মাতারা ওই দৃশ্যের জন্য বডি ডাবল ব্যবহারে রাজি ছিলেন। তবে ছবির নায়ক বডি ডাবলের সঙ্গে দৃশ্যটি করতে চাননি। বিষয়টি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করে নীহারিকা জানান, তখন তাঁর সামনে দুটি বিকল্প ছিল—শর্ত মেনে নেওয়া অথবা ছবিটি ছেড়ে দেওয়া।

শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকেন নীহারিকা। ফলে ছবিটি তাঁর হাতছাড়া হয়। তবে এ সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। নীহারিকার মতে, কোনো দৃশ্যে অভিনয় করবেন কি না, সেটি একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সম্মান করা উচিত।

মুম্বাইয়ে কাজ শুরুর দিকের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন নীহারিকা। তিন-চার বছর আগে সেখানে এসে কার্তিক সুব্বারাজের প্রযোজনা প্রতিষ্ঠান স্টোন বেঞ্চ ফিল্মসের সঙ্গে তিন বছরের প্রশিক্ষণ চুক্তি করেছিলেন তিনি। ওই চুক্তির কারণে অন্য কোনো কাজে যুক্ত হতে পারেননি। দক্ষিণ ভারতের কয়েকটি ছবির প্রস্তাবও তাঁকে ফিরিয়ে দিতে হয়েছিল।

নীহারিকা বলেন, পরে ওই ছবিগুলো সফল হওয়ায় তাঁর খারাপ লেগেছিল।

বলিউডে কাজ খোঁজার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন তিনি। তাঁর মতে, হিন্দি ছবিতে অভিনেত্রীদের চেহারা, গায়ের রং ও সৌন্দর্য নিয়ে কিছু ধরাবাঁধা ধারণা এখনো রয়েছে। এ পরিস্থিতিতে তাঁর মনে হয়েছিল, এটি এমন একটি জায়গা নয়, যেখানে তাঁর প্রতিযোগিতা করা উচিত।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অবশ্য নতুন করে কাজ শুরু করেন নীহারিকা। বিভিন্ন ভাষার ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ২০২৩ সালে মার্কিন অ্যানিমেটেড সিরিজ ‘বিগ মাউথ’-এর সপ্তম মৌসুমে অতিথি কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেন।

বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয় তামিল ছবি ‘পেরুসু’ দিয়ে। পরে ‘মিত্রা মণ্ডলী’‘ইধয়ম মুরলি’ ছবিতেও অভিনয় করেন তিনি। এবার ‘ভাই তেরা স্টার হ্যায়’ দিয়ে বলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন নীহারিকা।

অতীতের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নীহারিকা জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর কেউ তাঁকে থামাতে পারেনি। এরপর বিভিন্ন ভাষার ছবিতে কাজ করেছেন তিনি এবং সেই পথচলাই তাঁকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে।

মন্তব্য করুন