আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৯ এ এম

অনলাইন সংস্করণ

ইরানের তেল নিয়ন্ত্রণে রাখবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নতুন ইঙ্গিত

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে মার্কিন সেনা রেখে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভেনেজুয়েলার উদাহরণ টেনে ইরানের তেল নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথাও বলেন তিনি।

রোববার আয়ারল্যান্ড সফরকালে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে ধরেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বের হয়ে আসব। তবে আমরা যদি সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল রেখে দেওয়ার সিদ্ধান্ত নিই, তাহলে বিষয়টি ভিন্ন।”

ইরান যুদ্ধ চলতি বছরের মধ্যেই শেষ হবে বলেও আবারও আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্রের নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরপরই হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনার জন্য ইরান নিয়মিত যোগাযোগ করছে। যদিও অতীতে তেহরান এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করতে চান এবং কোনো ‘খারাপ চুক্তিতে’ রাজি হবেন না।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার খবরের পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রেও জ্বালানির বাড়তি দাম নিয়ে অসন্তোষের মধ্যে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ শেষ হলে দেশটিতে গ্যাসোলিনের দাম ‘পাথরের মতো দ্রুত’ কমে যাবে।

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও দাবি করেন, দেশটি থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে যুদ্ধের খরচ ‘অনেকবার’ মেটানো হয়েছে।

মন্তব্য করুন