প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। বিমানবন্দরে তার বাবা প্রকৌশলী আমিনুল হকও উপস্থিত ছিলেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে হামলার ঘটনার পর ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন বলেন, তিনি ২৪ ঘণ্টা পুলিশি সুরক্ষা পেয়েছেন। তার ভাষ্য, পুলিশ সদস্যরা সবসময় লবিতে থাকতেন এবং তিনি যে জায়গায় যেতেন, সেখানেও তারা সঙ্গে সঙ্গে যেতেন।
বাঁধন বলেন, “৮ তারিখে আমি পুলিশ ফাইল করেছি। ওই জায়গার পুলিশ আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে।”
হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে তিনি বলেন, “যারা আক্রমণ করেছেন; তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়েছেন। যারা আক্রমণ করেছেন তারা মনে করছেন যে পার পেয়ে যাবেন।”
বাঁধন আরও বলেন, “তারা আমার গায়ে হাত তুলেছেন। এমন না যে শুধু দূর থেকে গালি দিয়েছে, স্লোগান দিয়েছে, অথবা পানি মেরেছে। আমার গায়ে হাত তুলেছেন তারা। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। তারা তাদের জায়গা অনিরাপদ করেছেন; আমাদের না।”
এ সময় দলকানা না হওয়ার আহ্বান জানান বাঁধন। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের অডিও ও ভিডিও বার্তায় উসকানি পেয়ে সাধারণ মানুষ যেন এমন কর্মকাণ্ডে না জড়ান।
বাঁধনের ভাষ্য, “আপনার পরিবার সাফার করবেন। কিন্তু দলের যে বড় বড় নেতারা আছেন, যারা আপনাদের অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে উসকে দিচ্ছেন আপনাদের। তাদের জীবন কিন্তু আপনাদের না। মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বাংলাদেশে টাকা পাঠান। আপনারা এগুলো আর প্লিজ কইরেন না।”
বাঁধন জানান, ভেনিসে হামলার ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেছেন তিনি। একই সঙ্গে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইতালি সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন অভিনেত্রী।
ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশ নেওয়ার সময় বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটে। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি ওই ঘটনার পর ইতালির পুলিশের সহযোগিতা, মামলা এবং নিরাপত্তার বিষয়ে এসব তথ্য জানান।
মন্তব্য করুন