বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫০ এ এম

অনলাইন সংস্করণ

আমিশা প্যাটেলের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। অভিনেত্রীর মা-বাবার ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না খোয়া যাওয়ার ঘটনায় এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তার নারীর নাম সীমা ঘাটে (৪০)। তিনি মহারাষ্ট্রের পালঘরের বাসিন্দা বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, প্রায় দেড় বছর ধরে আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সীমা। চুরির অভিযোগ পাওয়ার পর মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্তের ভিত্তিতে বিরার এলাকা থেকে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

চুড়ি চুরির অভিযোগ

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি যাওয়ার অভিযোগ ওঠে। আশা প্যাটেলের সন্দেহ ছিল, এ ঘটনার সঙ্গে সীমা ঘাটে জড়িত থাকতে পারেন।

অভিযোগের পর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে সীমাকে চুরির কথা স্বীকার করে গয়নাটি ফেরত দেওয়ার জন্য বলা হয়েছিল বলে জানা গেছে। তবে চুড়িটি ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আশা প্যাটেল।

প্রাথমিকভাবে অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩০৬ ধারায় মামলা করা হয়। এরপর মুম্বাই পুলিশের ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নামে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে।

গ্রেপ্তারের পর সীমা ঘাটেকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে। খোয়া যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগে উল্লেখ করা চুড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

তদন্তের অংশ হিসেবে সীমার বিরুদ্ধে আগে কোনো অপরাধের মামলা বা অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন