প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২০ এ এম
অনলাইন সংস্করণ
ইতালি সফরকালে স্থানীয় মেস্ট্রেতে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর ওপর এই হামলা ও শারীরিকভাবে হেনস্তা চালায় বলে অভিযোগ তুলেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত কয়েকটি ভিডিওক্লিপ ও এক ভিডিওবার্তায় এই চাঞ্চল্যকর অভিযোগ করেন বাঁধন।
ভিডিও বার্তায় আজমেরী হক বাঁধন জানান, মেস্ট্রে শহরের একটি স্থানীয় পার্কে তিনি তাঁর ভাইয়ের পরিবার ও শিশুসন্তানের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁকে ঘিরে ধরে গালাগাল করে এবং 'জুলাইযোদ্ধা' আখ্যা দিয়ে তাঁর ওপর হামলা চালায়। বাঁধনের দাবি, হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ছুড়ে ফেলে দেয় এবং তাঁর গায়ে হাত তোলার পাশাপাশি তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়। হামলাকারীরা তাঁকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং দৃশ্যটি ভিডিও করে রাখে।
ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, “আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরেও আমি তাঁর সঙ্গে কাজ করেছি। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, কীভাবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো। কিন্তু একজন আজমেরী হক বাঁধনকে এভাবে দমানো এত সহজ হবে না।”
অসংলগ্ন আচরণ থেকে সরে আসার পরামর্শ দিয়ে বাঁধন সজীব ওয়াজেদ জয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সজীব ওয়াজেদ জয় নিজেও ভেনিসে আছেন, আশা করি আপনারা এই বিষয়টি তাঁর কাছে পৌঁছে দেবেন।” সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ভিডিও ক্লিপগুলো ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন