বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪৬ মিনিট আগে, ০৬:১৬ পিএম

অনলাইন সংস্করণ

বোটক্স করতে চান না অস্কারজয়ী এই অভিনেত্রী, জানালেন কারণ

অস্কারজয়ী জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স হলিউডে তারুণ্য ও সৌন্দর্য ধরে রাখার অতিরিক্ত চাপ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কসমেটিক-প্রক্রিয়া বা সৌন্দর্যচর্চার ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্ক, কারণ একজন অভিনেত্রী হিসেবে মুখের স্বাভাবিক অভিব্যক্তি বজায় রাখা তাঁর পেশার সবচেয়ে বড় শক্তি।

সাক্ষাৎকারে জেনিফার স্পষ্ট করেন যে তিনি ‘বেবি বোটক্স’ নিলেও তা খুব কম মাত্রায় ব্যবহার করেন। তাঁর ভাষায়, "আমার মুখে নড়াচড়া থাকা দরকার। বেশি বোটক্স বা অতিরিক্ত কসমেটিক চিকিৎসা নিলে মুখের স্বাভাবিক ভাব হারিয়ে যায়। ত্বক কিছুটা ঝুলে পড়লেও মুখের স্বাভাবিকতা ধরে রাখাই আমার কাছে অগ্রাধিকার।"

হলিউডে অতিরিক্ত কসমেটিক চিকিৎসার কারণে অনেক শিল্পী অভিনয়শৈলীর স্বাভাবিক ভাব হারিয়ে ফেলছেন বলে যখন আলোচনা চলছে, ঠিক তখনই জেনিফারের এই বক্তব্য সামনে এল। সম্প্রতি অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া ওয়াইল্ডও একই বিষয় তুলে ধরে আক্ষেপ করেন যে, বর্তমানের বহু অভিনেত্রীর মধ্যে মুখের স্বাভাবিক ইমোশন ও অভিব্যক্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। জেনিফার জানান, ‘ফ্যাট ট্রান্সফার’ বা ‘বাকাল ফ্যাট রিমুভাল’ নিয়ে তাঁর মনে দ্বিধা থাকলেও নিজের ফেস স্ট্রাকচারের সুরক্ষায় তিনি আধুনিক রেডিওফ্রিকোয়েন্সি থেরাপিতেই ভরসা রাখেন।

সৌন্দর্যচর্চার এই বক্তব্যের পাশাপাশি ক্যারিয়ারেও দারুণ সময় পার করছেন এই হলিউড তারকা। ‘ডাই মাই লাভ’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পাশাপাশি সেরা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব মনোনয়ন পান তিনি। এছাড়া আগামী নভেম্বরে জনপ্রিয় ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েল ‘সানরাইজ অন দ্য রিপিং’-এ ছোট একটি চরিত্রে এবং মার্টিন স্করসেজির আগামী বছরের সিনেমা ‘হোয়াট হ্যাপেন্স অ্যাট নাইট’-এ লিওনার্দো ডিক্যাপ্রিওর বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে।

 

মন্তব্য করুন