প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৬ এ এম
অনলাইন সংস্করণ
দীর্ঘ এক যুগের বিরতি কাটিয়ে অবশেষে নতুন সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন টালিউডের একসময়ের চর্চিত ও জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলী। দেবের নিজস্ব পরিচালনায় নির্মিতব্য বহু প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’-এর টিজার ও প্রথম গান প্রকাশের পরপরই নেটপাড়ায় ব্যাপক সাড়া পড়েছে।
১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারজুড়ে যেমন রয়েছে দেবের মারমুখী অ্যাকশন অবতার, তেমনই ফিরে এসেছে এই জুটির সেই চেনা রোমান্টিক রসায়ন। সিনেমাটিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি বড় চমক হিসেবে হাজির হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বড় চুল ও চোখে রোদচশমায় খলনায়কের ভিন্ন লুকে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই দর্শকমহলে দারুণ প্রশংসিত হচ্ছে। উল্লেখ্য, টালিউড ফেডারেশনের সঙ্গে বিতর্কের জেরে এতদিন পর্দার বাইরে থাকা অনির্বাণ এই সিনেমার মাধ্যমেই নতুনভাবে পর্দায় প্রত্যাবর্তন করছেন।
টিজারের পর প্রকাশিত প্রথম গান ‘তোর শুধু তোর’-এর ঝলক শেয়ার করে দুই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না...সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।” ক্যাপশনের এই পংক্তি ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আবেগ।
২০০৯ সালে পরিচালক রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল এই জুটির পথচলা। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়ার পর ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পরপরই ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে আলাদা হয়ে যান তাঁরা। এরপর দীর্ঘ সময় পর ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
মন্তব্য করুন