তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৯ আগষ্ট, ২০২৬, ০৫:২৩ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীতে ছিনতাইকারীর থাবায় প্রাণ গেল শিক্ষিকার

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে ছিটকে পড়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চোখের চিকিৎসার উদ্দেশ্যে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে একটি রিকশাযোগে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী রনজিনা পারভীনের ভ্যানিটি ব্যাগ ধরে জোরে হেঁচকা টান দেয়। এতে তিনি রিকশা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান এবং মাথায় সজোরে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েন এবং এ বিষয়ে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।

মন্তব্য করুন