প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ডেনমার্কভিত্তিক বিশ্বসেরা টার্মিনাল অপারেটর ‘এপিএম টার্মিনালস্’-এর ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা) প্রাথমিক বিনিয়োগে চট্টগ্রাম বন্দরে নির্মিত হতে যাচ্ছে সর্বাধুনিক ‘লালদিয়া কন্টেইনার টার্মিনাল’। আজ রোববার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, "দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে এই লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি ঐতিহাসিক মাইলফলক হবে। এটি শুধু চট্টগ্রাম কিংবা বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে ভূমিকা রাখবে।"
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা প্রসঙ্গে অর্থমন্ত্রী উল্লেখ করেন, চট্টগ্রামকে ঘোষণা দিয়ে বাণিজ্যিক রাজধানী করার বিষয় নয়, কাজের মাধ্যমে তা হতে হয়। এ ধরনের বিদেশি বিনিয়োগ ও বিশ্বমানের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম স্বতঃস্ফূর্তভাবেই মূল বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে উঠছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন ব্যবসাবান্ধব সরকার দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর এবং আন্তর্জাতিক এই বিনিয়োগের গতি অব্যাহত থাকলে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এই বড় বিনিয়োগ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে।
এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সংস্থাতটি পরিবেশবান্ধব ‘গ্রিন টেকনোলজি’ এবং শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেনসহ সর্বাধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহারের কথা নিশ্চিত করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, নৌপরিবহণ সচিব জাকারিয়া এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ স্থানীয় সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন