রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ইসির গেজেট

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট আসনের আওতায় অন্তর্ভুক্ত করে এ সংশোধনী আনা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে কাগজে-কলমে আসনগুলোর সীমানায় পরিবর্তন দেখা গেলেও বাস্তবে ভোটার এলাকা বা আসনের কাঠামোয় বড় কোনো পরিবর্তন হচ্ছে না।

সংশোধিত আসনগুলোর মধ্যে রয়েছে: ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

ইসির গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সদর উপজেলার পাশাপাশি রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা পুনর্গঠন করে এ দুটি নতুন উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটির অনুমোদন দেওয়া হয়েছিল।

বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা। গত মে মাসে নিকার সভায় এ উপজেলাটির অনুমোদন দেওয়া হয়।

ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে নতুন দক্ষিণ গফরগাঁও উপজেলা। গত জুলাইয়ে নিকার সভায় দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পায়।

ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের সীমানাতেও সংশোধন আনা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বরিশল ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে নিকার সভায় এর অনুমোদন দেওয়া হয়।

কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা। গত জুলাই মাসে নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা অনুমোদন দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম-২ আসনের সীমানায় ফটিকছড়ি উপজেলার সঙ্গে নতুন ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে কক্সবাজার-১ আসনে যুক্ত করা হয়েছে নবগঠিত মাতারমুহুরি উপজেলা।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, প্রশাসনিক কাঠামোয় নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের কারণে সংশ্লিষ্ট সংসদীয় আসনের সীমানার নাম ও বিবরণে সংশোধন প্রয়োজন হয়েছে। সে কারণেই নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন