তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:২৩ পিএম

অনলাইন সংস্করণ

ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তায় আঘাত সহ্য করা হবে না: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্মকে ব্যবহার করে বা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর কোনো ধরনের আঘাত হানলে সরকার তা কঠোরভাবে দমন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, ধর্মবিষয়ক মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, এটি সব ধর্ম, মত ও পথের মানুষের।

রোববার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান: সার্বভৌমত্ব ও গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, "আমাদের রাষ্ট্রব্যবস্থায় সব নাগরিকের নিজস্ব অধিকার ও স্পেস রয়েছে। ধর্মকে ঢাল বানিয়ে দেশের নিরাপত্তা কিংবা সার্বভৌমত্ব বিঘ্নিত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।"

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শামীম কায়সার লিংকন বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ভিন্নমত ও সহাবস্থানের প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব বাংলাদেশকে সবসময় সঠিক পথ দেখিয়েছে। ’৭১-এর মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা ’২৪-এর গণঅভ্যুত্থান—বিএনপি সবসময় ইতিহাসের ইতিবাচক ধারায় জনগণের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে।"

দেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী ডান, বাম ও মধ্যপন্থি সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, "ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা বজায় রাখতে হবে। সামান্য বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি না করে ’২৪-এর জুলাই যুদ্ধের যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, আহতদের সুচিকিৎসা সুনিশ্চিত করা এবং বিগত ১৭ বছরের অপশাসনের বিচার দ্রুত শেষ করতে সরকারকে গঠনমূলক পরমর্শ দেওয়া উচিত।"

সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাছির এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা।

মন্তব্য করুন