তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৫:৪২ পিএম

অনলাইন সংস্করণ

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেয়েছেন ২৫৫ ভোট

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি ২৫৫টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ছয়জন ভোট প্রদান করেননি।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে স্বতন্ত্র সদস্যরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রার্থীকে ভোট দিতে পারেন।

নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। পরে ভোট দেন প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সংসদ সদস্যরা।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মন্তব্য করুন