প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ
রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুযায়ী হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার দাবি, রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী একতরফাভাবে নির্বাচন পরিচালনা করছেন।
তিনি বলেন, যেখানে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই এবং ফলাফল আগেই নির্ধারিত থাকে, সেখানে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে সরকারকে বিবেচনা করার সুযোগ নেই।
ক্ষমতার ভারসাম্য প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান নির্বাচনি ব্যবস্থায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা সম্ভব হচ্ছে না। গণতান্ত্রিক অবস্থান স্পষ্ট করতেই তাদের দল এই নির্বাচনে অংশ নিয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকার কোনো সংস্কার না করলেও বিরোধী দল নির্বাচনে প্রার্থী দিয়েছে, যাতে নির্বাচনটি প্রতিযোগিতামূলক হয় এবং মানুষ নির্বাচনি প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতন হতে পারে।
মন্তব্য করুন