বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৪:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে ট্রেনে অভিনেত্রীর উপর হামলা

ফাইল ছবি

ভারতের মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) সদস্যদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে রেল পুলিশ। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (১২ আগস্ট) অরাবল্লী এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন ৩১ বছর বয়সি অন্তরা বন্দ্যোপাধ্যায়। তার কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকলেও তিনি সংরক্ষিত এসি কোচে উঠে পড়েন। এ নিয়ে এক যাত্রীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি আরপিএফকে জানানো হলে ঘটনাস্থলে যান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার।

আরপিএফ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অন্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তিনি আক্রমণাত্মক আচরণ করেন।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, এক পর্যায়ে অন্তরা নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ সদস্যদের ভয় দেখাতে থাকেন। অভিযোগ রয়েছে, ওই ব্লেড দিয়ে একজন কর্মকর্তাকে আঘাতও করেন। এতে অন্তরাও আহত হন। পাশাপাশি তিনি এক কর্মকর্তার পোশাক ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করেন বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১০টা ৫০ মিনিট পর্যন্ত বোরিভলি ও দহানুর মধ্যবর্তী এলাকায় ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় ট্রেনের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে দহানু স্টেশনে ট্রেন থামিয়ে অন্তরাকে নামিয়ে সরকারি রেল পুলিশ (জিআরপি)–এর কাছে হস্তান্তর করা হয়। বোরিভলি রেল পুলিশ তাকে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এসি কামরার টিকিট না পাওয়ায় তিনি মানসিকভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, তাকে পরিবারের সদস্য বা আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হলেও তিনি তা নেননি এবং নিজেই গ্রেফতারের দাবি জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে জননিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মীকে আঘাত করা, হামলা ও ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা করা হয়েছে। এফআইআর দায়েরের পর পরিস্থিতি শান্ত হলে তাকে নোটিশ দিয়ে জামিনে মুক্তি দেওয়া হয়।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন