প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁর ব্যবস্থাপককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ৯ সেকেন্ডের একটি ভিডিও গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে রেস্তোরাঁর ভেতরে ব্যবস্থাপক খোকনের সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলতে দেখা যায় এইচ এম হোসেনকে। একপর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে রেস্তোরাঁর এক কর্মচারী জানান, এক নারী চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে এসে টাকা দেওয়ার দাবি করেন। তবে ব্যবস্থাপক টাকা না পাওয়ায় খাবার দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে ওই নারী এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে আবার রেস্তোরাঁয় আসেন। তখন মৎস্যজীবী দলের ওই নেতা ব্যবস্থাপককে গুলি করে হত্যার হুমকি দেন।
রেস্তোরাঁর মালিক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেস্তোরাঁ থেকে চার প্যাকেট খাবার নেওয়া হলেও টাকা দেওয়া হয়নি। এ কারণে ব্যবস্থাপক খাবার দিতে অস্বীকৃতি জানালে মৎস্যজীবী দলের ওই নেতা এমন হুমকি দেন। ঘটনাটি কেউ মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। পরে ওই নেতা দোকানে এসে বলেছেন, ‘মাথা গরম হয়ে গিয়েছিল; কিছু মনে করবেন না।’
এ বিষয়ে কথা বলতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান প্রথম আলোকে বলেন, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দল ও সরকার খুবই কঠোর অবস্থানে আছে। কেউ এমন ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা এ ধরনের কাজ করেন, তাঁদের দলে কোনো স্থান দেওয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন